
ফেনায় চাকতি ভিজিয়ে ফুঁ দিয়ে প্রতিদিন শত শত বুদ্বুদ ওড়ান চল্লিশোর্ধ্ব মিলন শিকদার। প্রতি ফুঁতে থাকে ক্রেতাকে আকৃষ্ট করার নিরন্তর চেষ্টা। কেউ আকৃষ্ট হলে বিক্রি হয় পণ্য। মেলে পয়সা। তবু বুদ্বুদের আড়ালে ভাসে মিলন শিকদারের ক্লান্ত মুখ।
পিরোজপুরের মিলন শিকদার ফেরিওয়ালা। আগারগাঁওয়ের বিমান জাদুঘরের সামনে তিনি সাবান-পানির বুদ্বুদ ফেরি করেন। সেখানেই সম্প্রতি তাঁর সঙ্গে আলাপ।
একটি ছোট প্লাস্টিকের পাত্রে রাসায়নিক মেশানো সাবান-পানি থাকে। তাতে নকশা করা চাকতি ডুবিয়ে ফুঁ দিলেই তৈরি হয় বুদ্বুদ। এই খেলনা ছোট শিশুদের বেশ পছন্দ—জানান মিলন।
লোহার তৈরি একটি স্ট্যান্ডে ঝোলানো তিন রঙের বুদ্বুদ সেট। মান এবং দামেও আলাদা। সেটভেদে দাম ২০, ৫০ এবং ১০০ টাকা। মিলন বলেন, ‘পুরান ঢাকার চকবাজার থেইক্যা পাইকারি দামে এইগুলা কিন্যা আনি। আর বেচি এই জাদুঘরের সামনে।’
আলাপের মিনিট পাঁচেক যেতেই বাবার হাত ধরে স্ট্যান্ডটির পাশে এসে দাঁড়ায় ছোট্ট এক শিশু। বাবার সঙ্গে বিমান জাদুঘরে এসেছে সে। নীল রঙের একটি বাবল সেট দেখিয়ে পাঁচ বছর বয়সী মীম বলে, ‘আংকেল, আমাকে এটা দাও।’
বিক্রির টাকাটা বুঝে নিয়ে আবার বলতে শুরু করেন মিলন। বলেন, প্রতিদিন দুপুর থেকে রাত ৯-১০টা পর্যন্ত বেচাবিক্রি চলে। আয় মন্দ নয়। লাভ থাকে কমবেশি হাজারখানেক টাকা। তবে এ বছর বৃষ্টিপাত বেশি হওয়ায় তাঁর ব্যবসায় কিছুটা মন্দা যাচ্ছে।
পেশাগত কাজের অংশ হিসেবে সারাক্ষণ তাঁকে বুদ্বুদ বানাতে হয়। রুটিন এই কাজে আনন্দ পান না মিলন। বরং একধরনের বিরক্তি আছে। ক্রেতাদের দর-কষাকষির বিষয়টিও তাঁর পছন্দ নয়। জীবনে কী হতে চেয়েছিলেন জানতে চাইলে এদিক-সেদিক তাকিয়ে মিলন বলেন, ‘এইডা কইয়া আর কী হইবে। কত কী হইতে চাইছিলাম। তবে সত্য হইল আমি এহন বাবল বেঁচি।’
স্ত্রী মধু শিকদার গৃহিণী। মেয়ে বর্ষা তৃতীয় আর ছেলে মিঠু প্রথম শ্রেণিতে পড়ে। থাকেন আগারগাঁও তালতলা। তিনি বলেন, ‘ঘরভাড়া, সংসারের খরচা আর বাড়িতে (গ্রামে) টাহা পাডানোর পর কিছু থাহে না। কত ইচ্ছা, পূরণ করতে পারি না।’ এভাবেই আক্ষেপ ঝরে পড়ে মিলনের।
কিছুক্ষণ চুপ থেকে আবার নিজেই বলতে শুরু করেন মিলন। তিনি, ‘বাপে লেহাপড়া করাইতে চাইছে। তহন দুষ্টামি করছি। এহন টাহা আয় করি সত্য। তয় মানুষে সম্মান কইর্যা কতা কয় না। এইডা বিরাট আফসোস।’
কয়েক বছর স্কুলে গেছেন মিলন শিকদার। তারপর শেষ পড়াশোনা। নিজে পড়াশোনায় এগোতে না পারলেও সন্তানদের ঘিরে তাঁর স্বপ্ন অনেক। তিনি চান তারা ‘মানুষের মতো মানুষ’ হবে, বড় বড় অফিসে চাকরি করবে।