বুয়েটের শেরেবাংলা হল থেকে দুজন সাময়িক বহিষ্কার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হল থেকে দুই শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। গতকাল শুক্রবার হলের নোটিশ বোর্ডে টানানো বিজ্ঞপ্তিতে প্রশাসন বলেছে, এঁরা শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
ওই দুজন কী ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন—জানতে চাইলে বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, উগ্রপন্থী সন্দেহে গত ৩১ আগস্ট আটক নয়জনের তথ্য অনুযায়ী ছাত্রলীগের নেতা-কর্মীদের সহযোগিতায় ওই দুজনকে আটক করে হল প্রশাসন। তল্লাশি চালিয়ে তাঁদের কাছে কিছু বই ও ভিডিও পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে ওই দুজনকে হল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
হল থেকে সাময়িক বহিষ্কৃত দুজন হলেন শিল্প ও উৎপাদন বিভাগের (ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন) মোহাম্মদ নুরউদ্দিন এবং যন্ত্র প্রকৌশল বিভাগের (মেকানিক্যাল) আবু বারাকাত মোহাম্মদ রফিকুল হাসান।
শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মাসুদ করিম বলেন, ‘আমাদের মনে হয়েছে তাঁদের জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে, তাই সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’