বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
আজ শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ তেলঘাট এলাকার বুড়িগঙ্গা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন নৌ পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ওই ব্যক্তির পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও কালো রঙের গেঞ্জি।
সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে লাশটি ৪-৫ দিন আগে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।