মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে মশিউর রহমান (২২) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। কালীগঙ্গা নদী থেকে গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। একই দিন বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) একজনের লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।
মশিউর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের এনামুল হকের ছেলে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর ওপর একটি সেতুর নির্মাণকাজ চলছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই সেতুর ওপর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে তলিয়ে যান মশিউর। তাৎক্ষণিকভাবে অন্য শ্রমিকেরা খোঁজ করেও তাঁকে পাননি। গতকাল সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেতুর একটি স্তম্ভের পাশে পানির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে। মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা এলাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর (১) পূর্ব পাশে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। লাশের বাঁ হাত ভাঙা ছিল।