বুড়িগঙ্গা সেতু তৃতীয় দিনের মতো অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার তৃতীয় দিনের মতো বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্রিজ দিয়ে হেঁটে ঢাকায় ঢুকছে এক পরিবার। ছবি: সাইফুল ইসলাম
আজ সোমবার তৃতীয় দিনের মতো বুড়িগঙ্গা প্রথম চীন মৈত্রী সেতুতে অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ব্রিজ দিয়ে হেঁটে ঢাকায় ঢুকছে এক পরিবার। ছবি: সাইফুল ইসলাম

বুড়িগঙ্গা প্রথম চীন-মৈত্রী সেতু টোলমুক্ত করার দাবিতে আজ সোমবার তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন যানবাহনের চালক-শ্রমিক ও মালিকেরা। এতে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই পথে চলাচলকারী যানবাহনের যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
বাড়তি হারে টোল আদায়ের প্রতিবাদে গত ২৫ জুলাই ওই সেতু পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন পরিবহন শ্রমিকেরা। তখন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ আগের হারে টোল আদায়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তাঁরা অবরোধ তুলে নেন। গত শুক্রবার রাত ১২টার পর থেকে আবার বাড়তি টোল আদায় শুরু করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এবার কোনো ধরনের টোল না দেওয়ার ঘোষণা দিয়ে গত শনিবার সকাল থেকে অবরোধ কর্মসূচিতে নেমেছেন পরিবহনচালক ও শ্রমিকেরা।
আজ ভোর থেকে সেতুর দক্ষিণ প্রান্তে ও ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন অবরোধকারীরা। সকাল ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর ও ঢাকা-মাওয়া সংযোগ সড়ক ঝিলমিল প্রকল্প এলাকার রাস্তায় বসে অবস্থান নেন তাঁরা। এরপর পুলিশ এসে তাঁদের সরিয়ে দেন। পুলিশ সরে গেলে অবরোধকারীরা আবার অবস্থান নেন। এ অবরোধের কারণে সেতু দিয়ে রাজধানী ঢাকা থেকে খুলনা, বরিশাল, ফরিদপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, দোহার, কেরানীগঞ্জসহ বেশ কয়েকটি সড়কপথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সীমিত আকারে ভ্যান ও রিকশা চলাচল করলেও অবরোধকারীরা সেগুলোতেও বাধা দিচ্ছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের ভাষ্য, রাস্তায় যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি না হয়, এ জন্য পুলিশ তৎপর রয়েছে।

ঢাকা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ওসমান গনি বলেন, ‘দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। যদি আমাদের শ্রমিকদের ওপর হামলার চেষ্টা করা হয়. তাহলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’