বুড়িগঙ্গায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুড়িগঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন
বুড়িগঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন

বুড়িগঙ্গা ভরাট করে তৈরি করা হয়েছে কয়লার ঘাট। ঘাটটি তীর থেকে আনুমানিক ২০০ হাত ভেতরে। সেখানে রাখা কয়লা দিনরাত ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। ঘাটটি নারায়ণগঞ্জের ফতুল্লার শৈলকুড়া দাপা এলাকায়। ঠিক এভাবেই কামরাঙ্গীরচর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বুড়িগঙ্গায় অন্তত ২০টি স্থান দখল করে চলছে ইট, কাঠ, কয়লা ও পাথরের ব্যবসা। এ ছাড়া বুড়িগঙ্গা থেকে প্রতিদিন ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। এসব এলাকা ঘুরে এই চিত্র পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মকর্তা বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক লীগের এক নেতার ছত্রচ্ছায়ায় বুড়িগঙ্গার তীর দখল করে ইট, কয়লার ব্যবসা চলছে। একই অবস্থা শ্যামপুর, কদমতলী ও কেরানীগঞ্জেও।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা, শ্যামপুর, কদমতলীসহ যেসব স্থানে বুড়িগঙ্গার তীর দখল করে যারা ইট, বালু, সিমেন্ট ও কয়লার ব্যবসা করছে, সেসব দখলদারের বিরুদ্ধে মামলা করেও লাভ হচ্ছে না। ম্যাজিস্ট্রেট নিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, বুড়িগঙ্গায় মাটি ভরাট করে ঘাট নির্মাণ পুরোপুরি অবৈধ। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। সরেজমিনে দেখা গেল, রাজধানীর শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ ও ফতুল্লার অন্তত ১৫টি স্থানে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। ১৩ ডিসেম্বর দেখা গেল, কেরানীগঞ্জের তুন্ডা ইউনিয়নে জাজিরারচর এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ড্রেজারটির নাম জোবায়ের-জাবের আনলোড ড্রেজার। এই ড্রেজারটির ২০০ হাত দূরে আরেকটি ড্রেজার দিয়ে বালু তুলতে দেখা যায়। ড্রেজারটির নাম জে জে অ্যান্ড ব্রাদার্স। একই এলাকায় শেখ ড্রেজার দিয়ে দিনরাত বালু তুলছেন বালু ব্যবসায়ীরা। এ ছাড়া শ্যামপুর, কদমতলীর সীমানায় বুড়িগঙ্গা থেকেও ড্রেজার দিয়ে বালু তুলতে দেখা গেছে। শ্যামপুরের বাসিন্দা আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিএর লোকজনের সামনেই ড্রেজার দিয়ে বালু তুলছেন বালু ব্যবসায়ীরা। মাসের পর মাস বুড়িগঙ্গা থেকে বালু তোলা হচ্ছে। কেরানীগঞ্জের জাজিরারচর এলাকার বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, বুড়িগঙ্গায় ড্রেজার দিয়ে জাজিরারচর এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অন্তত ৮ থেকে ১০টি ড্রেজার দিয়ে দিনরাত বালু তোলা হচ্ছে। সরকার ২০০৯ সালে বুড়িগঙ্গাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে। তারপরও বুড়িগঙ্গাকে ঘিরে প্রকাশ্যেই এসব নিষিদ্ধ কর্মকাণ্ড প্রকাশ্যে চলছে।
গুলজার আলী প্রথম আলোকে বলেন, অবৈধ বালু উত্তোলনকারী ও নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমান বলেন, ‘বুড়িগঙ্গা উদ্ধারের জন্য সিটি করপোরেশন, বিআইডব্লিউটিএসহ আমরা সমন্বিতভাবে কাজ করছি।’