বুড়িচংয়ে ডাকাতের ছুরিকাঘাতে স্বর্ণ ব্যবসায়ী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া রেলসেতু এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে আবুল কালাম আজাদ (৩৮) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। এ সময় ডাকাতেরা ওই ব্যবসায়ীর মোটরসাইকেল, মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বেগমাবাদ গ্রামে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই ফয়সাল আহমেদ বাদী হয়ে গতকাল বুধবার বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
বুড়িচং থানার পুলিশ ও এই ঘটনায় আহত একজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে দেবীদ্বার এস এ সরকারি কলেজ সড়কের স্বর্ণালংকারের নিজ দোকান থেকে আবুল কালাম আজাদ বের হন। এরপর তাঁর দুই বন্ধু দেবীদ্বারের ভিরাল্লা গ্রামের মিজানুর রহমান ও জামাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে বুড়িচংয়ের হায়দরাবাদ-সংলগ্ন ভারত সীমান্তবর্তী এলাকায় যান। সেখান থেকে রাতে দেবীদ্বার ফিরছিলেন তাঁরা। রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলটি সিন্দুরিয়া রেললাইন পার হওয়ার সময় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রশি ধরে মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ডাকাতেরা তাঁদের ধরে পাশের জমিতে নিয়ে হাত-পা বাঁধার চেষ্টা করে। একপর্যায়ে ডাকাতেরা আবুল কালাম আজাদ ও জামাল হোসেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় মিজানুর রহমান দৌড়ে ঘটনাস্থল থেকে সরে পড়েন। পরে অটোরিকশায় করে আবুল কালাম আজাদ ও জামালকে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে যান তিনি। সেখান থেকে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। জামাল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিজানকে আটক করেছে।
এদিকে খবর পেয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম ও বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
বুড়িচং থানার ওসি বলেন, ওই এলাকাটি নির্জন। সেখানে প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চালাচ্ছে। গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে ওই ব্যবসায়ীকে দাফন করা হয়।