বুড়িচংয়ে প্রতিবন্ধীর লাশ উদ্ধার
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকার সড়কের পাশ থেকে আলমগীর হোসেন (৪৪) নামের এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার লাশটি উদ্ধার করা হয়।
নিহত আলমগীর কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের আনছার আলীর ছেলে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) বদিউল আলম জানান, অন্তত দুই মাস আগে আলমগীর বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময়ে তাঁকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। গতকাল বেলা পৌনে দুইটায় কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের পাশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। লাশের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই।
বেলা তিনটায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির লাশ শনাক্ত করেন তাঁর বোনের ছেলে জসিম উদ্দিন।
বুড়িচং থানার (ওসি) উত্তম কুমার বড়ুয়া বলেন, ধারণা করা যাচ্ছে শনিবার রাতেদুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। পরিবারের সদস্যরা থানায় আসার পর মামলা নেওয়া হবে।