বুয়েট শিক্ষক ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিজিৎ রায় হত্যাকাণ্ড
অভিজিৎ রায় হত্যাকাণ্ড

বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে সাড়ে তিন ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায়ের অভিযোগের ভিত্তিতে বুয়েটের শিক্ষক ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সন্ধ্যার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁকে দেশ ছাড়তে না করা হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, অভিজিৎ রায় হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফোন করে ফারসীম মান্নানকে গতকাল বিকেলে ডিবি কার্যালয়ে আসতে বলেন মামলা তদন্তের সঙ্গে যুক্ত ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর বেলা তিনটার দিকে বুয়েটের এই শিক্ষক ডিবি কার্যালয়ে যান। মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৬ ফেব্রুয়ারি রাত আটটার দিকে বইমেলার পাশে সোহরাওয়ার্দী উদ্যানে বৈঠকের আয়োজন করেন ফারসীম মান্নান। এ জন্য ফেসবুকের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। ২৬ ফেব্রুয়ারির ওই বৈঠকে উপস্থিত ব্যক্তিদের নাম ও পরিচয় নিয়ে ফারসীম মান্নানকে জিজ্ঞাসাবাদ করা হয়। এঁদের মধ্যে অনাহূত ব্যক্তিদের সম্পর্কেও জানতে চাওয়া হয় তাঁর কছে। সেদিন ওই বৈঠকে কী নিয়ে কথা হয়েছিল, সে বিষয়েও ফারসীমকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।
সন্ধ্যা সাতটার দিকে যোগাযোগ করা হলে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফারসীম মান্নান প্রথম আলোকে বলেন, ২৬ ফেব্রুয়ারি বইমেলার পাশে সোহরাওয়ার্দী উদ্যানের বৈঠক নিয়ে তিনি ডিবির কাছে লিখিত বক্তব্য দিয়েছেন। অভিজিৎকে নিয়ে ডিবি তাঁর কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং তিনি এসবের জবাব দেন।
ফারসীম মান্নান বলেন, ২০১২ সাল থেকে অভিজিতের সঙ্গে তাঁর পরিচয় ছিল। ওই বৈঠকে তিনি অভিজিতের সঙ্গে বিজ্ঞানসংক্রান্ত বিষয়ে কথা বলেন। ১০ মিনিটের মতো বৈঠক শেষে যে যাঁর মতো চলে যান। এর চেয়ে বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনের ‘অভিজিৎ রায়ের হত্যাকারীদের ক্ষমা নেই’ শীর্ষক নাগরিক সমাবেশে অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অজয় রায় বুয়েটের শিক্ষককে নিয়ে তাঁর সন্দেহের কথা বলেন। তিনি মামলার তদন্ত নিয়েও হতাশা প্রকাশ করেন।
এদিকে, অভিজিৎ হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া শফিউর রহমান ফারাবী ডিবির কাছে তৃতীয় দফায় চার দিনের রিমান্ডে আছেন। তাঁর কাছ থেকে হত্যাকারীদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। আহত করা হয় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে।

আরও পড়ুন