বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা-বাগানের হাজারীবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চা-শ্রমিক শিক্ষা ট্রাস্টের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ওই চা-বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
গতকাল সকাল আটটায় পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদের ব্যানারে প্রথমে বাজার লাইনে মানববন্ধন করা হয়। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর পাত্রখোলা চা-বাগানের কারখানা ও ব্যবস্থাপকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে আবার মানববন্ধন করা হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগান পঞ্চায়েতের সভাপতি দেবাশীষ চক্রবর্তী ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নামে বরাদ্দ করা বৃত্তির টাকা আত্মসাৎ করেছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন পাত্রখোলা চা ছাত্র যুব পরিষদের সভাপতি অমল গড়, সাধারণ সম্পাদক প্রদীপ পাল, রিয়াজ আহমেদ প্রমুখ। খবর পেয়ে বেলা ১১টার দিকে মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু পাত্রখোলা চা-বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলামকে সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং এ বিষয়ে তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। পরে দুপুর ১২টার দিকে মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
শিক্ষা ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে হাজারীবাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
পাত্রখোলা চা-বাগানের ব্যবস্থাপক শামছুল ইসলাম বলেন, শনিবার সামাজিক বৈঠক করে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।