বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে একটি বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। উপজেলার ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও জমশের নগর ভিএসআই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলীকে এ নোটিশ দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার জারি করা ওই চিঠিতে আগামী তিন দিনের মধ্যে জবাব ও সরকারি কোষাগারে ওই টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এদিকে অবৈধভাবে উত্তোলন করা বৃত্তির টাকা ফেরত দেওয়ার জন্য ওই দুই প্রধান শিক্ষককে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকেও অনুরূপ চিঠি দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া ৩০ শিক্ষার্থীর ২৫ জন ছাড়পত্র (ট্রান্সফার সার্টিফিকেট) নিয়ে একই উপজেলার জমশের নগর ভিএসআই উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। নিয়ম অনুযায়ী ভর্তি হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকই শিক্ষার্থীদের বৃত্তির টাকা ব্যাংক থেকে তুলে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেবেন। কিন্তু ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম কৌশলে নিজ বিদ্যালয়ের পাঁচজনসহ অন্য বিদ্যালয়ে চলে যাওয়া ২৫ শিক্ষার্থীকে তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে গত ২৯ জুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতিস্বাক্ষর নিয়ে বৃত্তির বিল তৈরি করে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার (এজি) কার্যালয়ে জমা দেন। সেখান থেকে বিল পাস করে সোনালী ব্যাংক সখীপুর শাখা থেকে ৭৭ হাজার ৮২০ টাকা তোলেন। কিন্তু তিনি ওই টাকা কোনো শিক্ষার্থীর হাতে পৌঁছে না দিয়ে আত্মসাৎ করেন। অন্যদিকে ভর্তি হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলীও গত ২৯ জুন (একই দিনে) ওই ২৫ জনেরসহ বৃত্তির ৮১ হাজার ৫৭৫ টাকা তোলেন। প্রধান শিক্ষক হাসমত আলী বলেন, ‘টাকা তুলেই আমি বৃত্তিপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছি।’
শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলনের কথা স্বীকার করে ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘ভুলবশত টাকাগুলো তুলেছিলাম। এখন ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়ে দিব।’ তিনি আরও বলেন, ‘৪৭ হাজার ২১০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেব।’ তিনি দুই কার্যালয় থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করেন।
উপজেলার জমশের নগর ভিএসআই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত আলী বলেন, ‘কারণ দর্শানো নোটিশ পেয়েছি। যথাসময়ে সঠিক জবাব দিয়ে দেব। অপরাধ করেছেন ঢনঢনিয়া ছোটচওনা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখানে আমার কোনো দোষ নেই।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, বৃত্তির বিলে অসতর্কতায় প্রতিস্বাক্ষর দেওয়া হয়েছিল। এখন তদন্ত করে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়ী হবেন, সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজামাল বলেন, ‘জুন ক্লোজিংয়ের সময় তাড়াহুড়া করে বিল দেওয়ায় আর উপজেলা মাধ্যমিক কর্মকর্তার স্বাক্ষর থাকায় ওই বিল সই করে দিয়েছিলাম।’
এ বিষয়ে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার বলেন, এ ঘটনায় দায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।