বৃত্তির প্রলোভন দেখিয়ে ভোলায় ছাত্রীকে ধর্ষণ
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষাবৃত্তির প্রলোভন দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার শশীভূষণ থানায় ওই ছাত্রীর চাচা বাদী হয়ে ইউপি সদস্য ও পল্লি চিকিৎসক হারুন-অর-রশিদকে আসামি করে মামলা করেছেন। গতকাল শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়।
ওই ছাত্রী জানায়, শিক্ষাবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে হারুন-অর-রশিদ বৃহস্পতিবার প্রথমে তাকে চরফ্যাশন এবং পরে ভোলা শহরে নিয়ে যায়। এরপর একটি হোটেলে নিয়ে কক্ষে সারা রাত আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। এ সময় তার বাবাকে পাশের অন্য একটি কক্ষে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়।
উপজেলা পল্লি চিকিৎসক সমিতির সভাপতি আলমগীর হোসেন জানান, তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। তাই হারুন-অর-রশিদকে সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। থানার ওসি সামসুল আরেফিন বলেন, হারুন-অর-রশিদ মামলার পর থেকে পলাতক।