প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফফাজিল গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোসলেম উদ্দিন (৬৫) গতকাল সোমবার মারা গেছেন। গত রোববার দুপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। নিহতের বাড়ি তরফফাজিল গ্রামে। সাদুল্যাপুর থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মোসলেম উদ্দিনের সঙ্গে একই গ্রামের ছকু মিয়ার বিরোধ ছিল। এরই জের ধরে রোববার দুপুরে ছকু মিয়া লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যান। খবর পেয়ে মোসলেম উদ্দিনও লোকজন নিয়ে তাঁদের বাধা দেন। এ সময় প্রতিপক্ষের হামলায় মোসলেম আহত হন। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, নিহত বৃদ্ধের ছেলে দুলা মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাইবান্ধা প্রতিনিধি