বৃদ্ধ রিকশাচালককে রড দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া নিয়ে বনিবনা না হওয়ায় এক বৃদ্ধ রিকশাচালককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার রিকশাচালকের নাম নুরুল হক। মারধর করার অভিযোগ ওঠা কাজী সাফায়েত উল্যাহ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নুরুল হকের রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে স্টেশন চত্বরে আসেন সাফায়েত। রিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় তিনি চালক নুরুল হকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত হয়ে সাফায়েত পাশের খাজা হোটেল থেকে রড নিয়ে এসে নুরুল হককে পেটাতে শুরু করেন। কিছুক্ষণ পর নুরুল হক জিরো পয়েন্টের পুলিশ ফাঁড়িতে নালিশ করতে যান। তখন সাফায়েত পুলিশের সামনেই চালককে আরেক দফা মারধর করেন। এ সময় অন্য রিকশাচালকেরা এগিয়ে এলে পুলিশ সাফায়েতকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায়।
মারধরের শিকার নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘৩৫ বছর ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় রিকশা চালাই। কোনো দিন এ ধরনের ঘটনার মুখোমুখি হইনি।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক মিয়া প্রথম আলোকে বলেন, ভাড়া নিয়ে সাফায়েত উল্যাহ নামের একজনের সঙ্গে এক বৃদ্ধ রিকশাচালকের সমস্যা হয়েছিল। সাফায়েতকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়। পরে ছেড়ে তাঁকে দেওয়া হয়েছে।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে গতকাল বিকেলে সাফায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘এটি বানোয়াট কথা। ওই সময় আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ছিলাম না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘ঘটনাটি শুনেছি। ভাড়া নিয়ে একটু ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি মিটে গেছে।’
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দিয়েছি।’