বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকা থেকে তুলে নিয়ে মোহাম্মদ সোলাইমান (৬০) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে পুলিশ কক্সবাজার মেডিকেল কলেজের নিমার্ণাধীন ভবনের পেছনের জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে।
সোলাইমানের বাড়ি পাওয়ার হাউস এলাকায়।
এদিকে বেলা আড়াইটার দিকে স্থানীয় লোকজন সোলাইমানের লাশ কলেজ গেটসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর রেখে অবরোধ করে রাখে। এ সময় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে খুনিদের প্রেপ্তারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।
নিহত ব্যক্তির বড় ছেলে মো. আমিনুল ইসলাম বলেন, তিন মাস আগে তাঁর চাচাতো ভাই মোর্শেদ আলমকে খুন করেছিল মুহুরীপাড়ার চিহ্নিত সন্ত্রাসী লিয়াকত বাহিনীর সদস্যরা। এ নিয়ে কক্সবাজার সদর মডেল থানায় তাঁর বাবা লিয়াকতকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলা তুলে নিতে লিয়াকত বাহিনীর সন্ত্রাসীরা তাঁদের পরিবারের ওপর কয়েক দফা হামলা করে। ওই বাহিনীর সদস্যরা তাঁর বাবাকে গতকাল বেলা ১১টার দিকে অপহরণ করে ছুরিকাঘাতে হত্যা করে জঙ্গলে ফেলে দেয়।
নিহত ব্যক্তির বড় ভাই ইসমাইল বলেন, গতকাল দুপুরে ওই বাহিনীর সদস্যরা তাঁকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাঁর ভাইকে খুন করে লাশটি মেডিকেল কলেজ ভবনের পেছনে জঙ্গলের ছড়ায় (খাল) ফেলে দেওয়া হয়েছে বলে জানায়। পরে পুলিশ ছড়া থেকে লাশটি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, ছুরিকাঘাতে ওই বৃদ্ধকে হত্যা করা হয়েছে।
রাউজানে ডাকাতের গুলিতে যুবক নিহত: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাকাতের গুলিতে সুমন দাশ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। একই সময় ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও চারজন।
গত সোমবার গভীর রাতে উপজেলার বিনাজুরী ইউনিয়নে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত সুমন দাশের বাড়ি ওই এলাকায়। আহত ব্যক্তিরা হলেন পুষ্প বড়ুয়া, সুবর্ণা বড়ুয়া, কল্যাণ বড়ুয়া ও টিটু বড়ুয়া। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘রাউজানে ডাকাতের গুলিতে যুবক নিহত হওয়ার ঘটনায় পুলিশের তদন্ত চলছে। আশা করি ডাকাত দলকে শনাক্ত করা যাবে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩০ থেকে ৩৫ জনের সশস্ত্র ডাকাত দল হাফপ্যান্ট ও মুখোশ পরে পূর্ব বিনাজুরী গ্রামের বিরেন্দ্র মুন্সীর বাড়ির কল্যাণ বড়ুয়ার ঘরে হানা দেয়। এ সময় ডাকাতেরা কল্যাণ বড়ুয়াকে পিটিয়ে আহত করে। পরে ডাকাতেরা পাশের যুগেন্দ্র চৌকিদারের বাড়ির জুনু দাশের ঘরসহ ১১টি ঘরে হানা দেয়। এ সময় বাধা দিলে ডাকাতেরা সুমন দাশকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ডাকাতেরা পালিয়ে যায়।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, নিহত সুমন দাশ দোকানের কর্মচারী। এ ঘটনায় তাঁর ছোট ভাই সুজন দাশ থানায় মামলা করেছেন। তবে জড়িত কাউকে আটক করা যায়নি। তিনি জানান, ডাকাতির শিকার পরিবারগুলো খুবই দরিদ্র। ডাকাতেরা পরিবারগুলোর কাছ থেকেপ্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়।