নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে গতকাল রোববার বেলা ১১টার দিকে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে মীর আবুল কাশেমকে (৮৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহত মীর কাশেম ওই গ্রামের বাসিন্দা ছিলেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্যমতে, ওই গ্রামের আফজাল হোসেনের সঙ্গে তাঁর প্রতিবেশী আজিজুল ইসলামের বসতবাড়ির তিন শতক জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে প্রতিপক্ষ আজিজুল ইসলাম আক্কেলপুর উপজেলা সদর থেকে ৮-১০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বিরোধপূর্ণ ওই জমিতে টিন দিয়ে বেড়া দিচ্ছিলেন। এ সময় আফজাল হোসেনের বাবা মীর আবুল কাশেমসহ বাড়ির লোকজন বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলেই মীর আবুল কাশেম মারা যান।
মিঠাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাকিম হোসেন জানান, ওই জমি নিয়ে গ্রামে একাধিকবার সালিস-দরবার হয়েছে। সালিসে রায় আফজাল হোসেনের পক্ষে ছিল।
আফজাল হোসেন জানান, ঘটনার সময় তিনি আক্কেলপুর বাজারে ফসল বিক্রি করতে গিয়েছিলেন। খরর পেয়ে তিনি বাড়িতে ছুটে আসেন।
আজিজুল ইসলাম লোকজন ভাড়া করে আনার কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, মীর আবুল কাশেমকে কেউ হত্যা করেননি। তিনি স্ট্রোক করে ঘটনাস্থলেই মারা গেছেন।