বৃদ্ধাকে গলা কেটে খুন ও গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলায় আছমা-উল হুসনা (২৬) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার শ্বশুরবাড়ির লোকজন পাবনা জেনারেল হাসপাতালে তাঁর মরদেহ রেখে পালিয়ে যান। এ সময় তাঁর এক স্বজনকে আটক করা হয়।
এদিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ফাতেমা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার বৃদ্ধার ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আছমার স্বামী রাসেল প্রামাণিকের বাড়ি পাবনার সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ী গ্রামে। এ দম্পতির চার ও দুই বছরের দুটি ছেলে রয়েছে। আছমার বাবার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদিপুর গ্রামে।
থানার পুলিশ ও নিহত আসমার বাবার বাড়ির লোকজন সূত্রে জানা যায়, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আছমার বিবাদ ছিল। প্রায়ই তাঁকে মারধর করা হতো। মঙ্গলবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। এরপর তাঁকে শ্বাসরোধে হত্যা করে হাসপাতালে নেওয়া হয়।
পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে দুজন নারী ও দুজন পুরুষ আছমার মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। লাশ রেখে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় হাসপাতালের কর্মীরা তুফান হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেন। অন্যরা পালিয়ে যান। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। আটক তুফান আছমার ননদের স্বামী।
গতকাল বুধবার হাসপাতাল চত্বরে আছমার মা মর্জিনা খাতুন বলেন, ‘স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আছমাকে অত্যাচার করত। ছেলেদের কথা চিন্তা করে মেয়েটি কখনো প্রতিবাদ করেনি। শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল। ঘটনার পর থেকে ওই বাড়িতে (আছমার শ্বশুরবাড়ি) কেউ নেই। তারা সবাই আত্মগোপনে রয়েছে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান গতকাল বিকেলে বলেন, লাশের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসমার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ফাতেমা বেগমের বাড়ি কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামে। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। তিনি ছেলে আবদুস সামাদ ও পুত্রবধূ রশিদা খাতুনের সঙ্গে থাকতেন। আরেক ছেলে আবদুর রহিম অন্যত্র থাকেন।
এজাহার ও থানার পুলিশ সূত্রে জানা যায়, শাশুড়ি ফাতেমা বেগমের সঙ্গে রশিদা বেগমের বনিবনা ছিল না। খাবার নিয়ে গত রোববার দুজনের মধ্যে ঝগড়া হয়। সোমবার রাতে ফাতেমা বেগম ঘরে ঘুমিয়ে ছিলেন। তখন রশিদা বঁটি দিয়ে গলা কেটে তাঁকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে। ফাতেমা বেগমের মেজো ছেলে আবদুর রহিম বাদী হয়ে রশিদাকে আসামি করে কাজীপুর থানায় মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি গতকাল বুধবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বলেন, হত্যার বিষয়টি উল্লেখ করে ফাতেমা বেগমের নাতবৌ রুনা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রশিদাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁকে রিমান্ডে এনে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।