বৃদ্ধাকে পিটিয়ে ঘর ভাঙল বন বিভাগ?
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গজারিয়াচালা এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে উপকারভোগী এক বৃদ্ধার ঘর ভেঙে দিয়েছে বন বিভাগের লোকজন। বৃদ্ধাকে দায়ের বাঁট দিয়ে পিটিয়ে আহত করারও অভিযোগ পাওয়া গেছে।
আহত বৃদ্ধা কালিয়াকৈরের গজারিয়াচালা এলাকার মৃত খোরশেদ আলমের স্ত্রী মালেকা বানু (৭৩)। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মালেকা বানুর দুই ছেলে ও তিন মেয়ে। ছেলেমেয়েরা বিয়ের পর আলাদা সংসার করছেন। কাচিঘাটা রেঞ্জের জাথালিয়া বিট অফিসের আওতায় তাঁর নামে বন বিভাগের একটি প্লট আছে। ওই প্লটে একটি ছোট ঘর বানান মালেকা বানু। এ জন্য বিট অফিসের কর্মকর্তা আইয়ুব আলী মালেকার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। পরে বাধ্য হয়ে তিনি (মালেকা বানু) ওই কর্মকর্তা ও তাঁর স্টাফদের ১০ হাজার টাকা দেন। এরপর থেকে তিনি, তাঁর ছোট মেয়ে রাজিয়া বেগম ও দুই নাতি ওই ঘরে বসবাস করছেন। সম্প্রতি ওই বন কর্মকর্তা (আইয়ুব) বদলি হলে গত ৪ অক্টোবর আবদুল বারি নামের এক কর্মকর্তা বিট অফিসে যোগদান করেন। এরপর থেকে তিনিও বনের জমিতে ঘরের তালিকা করে টাকা আদায় করছেন। টাকা না দিলে ঘর ভেঙে দিচ্ছেন। সপ্তাহ খানেক আগে ওই কর্মকর্তা তাঁর চারজন লোককে মালেকার বাড়িতে পাঠান। তাঁরা মালেকার কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গতকাল সকালে বন কর্মকর্তা আবদুল বারি ছয়জন লোক নিয়ে সেখানে যান। এরপর দা দিয়ে ঘরের টিনের বেড়া কোপাতে থাকেন তাঁরা। এতে বাধা দিলে তাঁরা দায়ের বাঁট দিয়ে মালেকার ডান কাঁধে দুটি আঘাত করেন। এতে তিনি লুটিয়ে পড়েন। এ সময় ঘর ভাঙচুর করে তাঁরা চলে যান। পরে কর্মস্থল থেকে ফিরে ঘরের সামনে মালেকাকে পড়ে থাকতে দেখেন মেয়ে রাজিয়া। তাঁর চিৎকারে লোকজন মালেকাকে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বলেন, বন কর্মকর্তাদের টাকা না দেওয়ায় তাঁর (মালেকা) ঘর ভেঙে দেওয়া হয়েছে। আরও অনেকের কাছে ওই কর্মকর্তা টাকা চেয়েছেন বলে অভিযোগ রয়েছে।
জানতে চাইলে জাথালিয়া বিট অফিসের বন কর্মকর্তা আবদুল বারি বলেন, ওপরের নির্দেশনা আছে বলেই ওই ঘর ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে (মালেকা) মারধর করা হয়নি। এ ছাড়া ঘর বাবদ কোনো টাকাপয়সা আদায় করা হয়নি।