বৃদ্ধের ঘর দখল করে যুবলীগের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার ধুলিহর বাজার এলাকায় ঘর দখল করে যুবলীগের কার্যালয়ের ব্যানার লাগানো হয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
সাতক্ষীরার ধুলিহর বাজার এলাকায় ঘর দখল করে যুবলীগের কার্যালয়ের ব্যানার লাগানো হয়েছে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বৃদ্ধের ঘর দখল করে রাতারাতি ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত রোববার রাতে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর (ব্রহ্মরাজপুর) বাজারে এই ঘটনা ঘটে।
ব্রহ্মরাজপুর গ্রামের সন্তোষ কুমার দাশ (৭০) জানান, তিনি ভূমিহীন ঋষি সম্প্রদায়ের লোক। ১৯৭২ সাল থেকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের পূর্ব পাশে ধুলিহর বাজারে ২৮ ফুট দৈর্ঘ্য ও ২৮ ফুট প্রস্থের খাসজমিতে ঘর তৈরি করে বসবাস করছেন। ঘরের একটি অংশ রোববার ধুলিহরের আবদুস সেলিমের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়াটে এখনো ঘরে ওঠেনি।
সন্তোষ কুমার আরও জানান, ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামসহ সাইফুল ইসলাম, শহীদুল গাজী ও আরশাদ আলীর নেতৃত্বে ২০-২৫ জন তাঁকে ঘর থেকে বের করে দেন। পরে তাঁর ঘর দখল করে ভাঙচুর করা হয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন কার্যালয়ের ব্যানার টানানো হয়েছে।
ধুলিহর এলাকার বকুল মোড়ল, রমজান আলী ও মিলন হোসেন বলেন, ওই স্থানে দীর্ঘদিন ধরে সন্তোষ বসবাস করে আসছেন। রোববার রাত সাড়ে আটটার দিক যুবলীগের ছেলেরা ঘরটি দখল করে সেখানে তাদের কার্যালয়ের ব্যানার টানিয়েছে। তবে তাঁরা শুনেছেন ওই জমি সন্তোষ একই এলাকার আবদুস সেলিমের কাছে বিক্রি করে দেওয়ায় পর যুবলীগের ছেলেরা দখল করেছে।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আজাহারুল ইসলাম বলেন, এত দিন খাসজমিতে সন্তোষ কুমার দাশ বসবাস করতেন। তিনি অন্যের কাছে বিক্রি করে চলে যাওয়ায় তাঁরা দখল করে ইউনিয়ন যুবলীগের কার্যালয় করেছেন। খাসজমিতে সংশ্লিষ্ট দপ্তরের কোনো ধরনের অনুমতি ছাড়া দলের কার্যালয় করতে পারেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন ‘অনেক কিছু করা যায় না, আবার যায়।’
ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সরকারি জমিতে সন্তোষ কুমার দাশ বসবাস করতেন। তিনি একজনের কাছে বিক্রি করে পাশে চলে গেছেন। যুবলীগের ছেলেরা ওই সরকারি জমি দখল করেছে। বিষয়টি তিনি জানার পর গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে জানিয়েছেন। তিনি শহরের বাইরে আছেন। তিনি এলে দ্রুত বিষয়টি মীমাংসা করা হবে।