মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আটটি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সন্ত্রাসী হামলা, ব্যালটসহ নির্বাচনী সামগ্রী ছিনতাইয়ের কারণে ভোট বাতিল হয়েছে। আর হোসেন্দী ইউনিয়নে ৪৮ নম্বর টান বলাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সদস্য প্রার্থী অভিযোগ করেছেন, তাঁর সমর্থকেরা ভোট দিতে পারেননি। তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা।
উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস গতকাল শনিবার বিকেল পাঁচটায় তাঁর দপ্তরে এই প্রতিবেদককে বলেন, নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ‘পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার ফলে কিছু জায়গায় সহিংসতার যে আশঙ্কা ছিল তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।’
এই প্রতিবেদক ভবেরচর, বালুয়াকান্দি, হোসেন্দী, গজারিয়া সদর এই চারটি ইউনিয়নের ১২টি কেন্দ্র ঘুরে দেখেছেন। এ ছাড়া মুঠোফোনে অন্যান্য ইউনিয়নের আরও প্রায় ২০টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করেছেন। সারা দিনে ভোটার বা প্রার্থীদের কাছ থেকে বড় কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
ভবেরচর ওয়াজীর আলী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ঠিক আটটায় ভোট গ্রহণ শুরু হয়। কিছু কিছু ভোটার আগেই কেন্দ্রে উপস্থিত হন। কোনো ঝামেলা ছাড়াই এ কেন্দ্রে ভোট শেষ হয় বিকেল চারটায়।
ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট শুরুর পর সাড়ে ১১টা পর্যন্ত নির্বিঘ্নে চলে। সকাল থেকেই আকাশে মেঘ ছিল। সাড়ে ১১টায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। হঠাৎ একদল লোক পিস্তল ও রামদাসহ ভোটকেন্দ্রে ঢুকে পড়ে। তারা কয়েকজন ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের ওপর চড়াও হয়। ফাঁকা গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ করে। ভীতসন্ত্রস্ত হয়ে ভোটার ও কয়েকজন কর্মকর্তা ভোটকেন্দ্র ছেড়ে পালান।
পরে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবদুল আলিম সাংবাদিকদের বলেন, সন্ত্রাসীরা ভোটার তালিকা, ২২৬টি ব্যালটসহ নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি বেলা দুইটায় ওই কেন্দ্রের নির্বাচন বাতিল ঘোষণা করেন। ইউএনও মাহবুবা বিলকিস বলেছেন, কেন্দ্রটি কিছুটা দুর্গম ও বৃষ্টির কারণে সন্ত্রাসীরা এটা করতে পেরেছে।
উপজেলায় নির্বাচনে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত নয়টি মামলায় সাতজনকে অর্থদণ্ড ও দুজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন।