পরিবহনশ্রমিকদের নিয়োগপত্র দেওয়া, কল্যাণ তহবিলের ব্যবস্থা করা, পুলিশি হয়রানি ও নির্যাতন বন্ধসহ নয় দফা দাবিতে আজ মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা এ কর্মসূচি ঘোষণা করেছে। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলায় ধর্মঘট পালন করা হবে বলে জানান ফেডারেশনের নেতারা।
অবশ্য চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে। সংগঠনের সভাপতি মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, শ্রমিক ফেডারেশন অযৌক্তিকভাবে এ ধর্মঘট ডেকেছে। ধর্মঘটেও মালিকপক্ষ সড়কে গাড়ি বের করবে, যাতে যাত্রীদের দুর্ভোগ না হয়।
গত শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতারা। শ্রমিকদের নয় দফার মধ্যে রয়েছে চট্টগ্রামে বাস, ট্রাক ও প্রাইম মুভারের জন্য আলাদা টার্মিনাল নির্মাণ, অটোরিকশা-অটোটেম্পোর জন্য পার্কিংয়ের জায়গা নির্ধারণ, ফেরি পারাপারে টোল কমানো, অনিবন্ধিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, মালিকের জমা ৬০০ টাকা নির্ধারণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধ, শহর এলাকায় বাস, মিনিবাস ও হিউম্যান হলারের টার্গেট-পদ্ধতি বাতিল ইত্যাদি।
ধর্মঘটের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ প্রথম আলোকে বলেন, পাঁচ জেলায় ধর্মঘট পালনে জেলাগুলোর নেতাদের নিয়ে বৈঠক করেছেন তাঁরা। ধর্মঘট পালনের ব্যাপারে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।