বৃহস্পতি ও রবিবার হরতাল ডেকেছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের আাপিল বিভাগে দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতি ও রবিবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে শুক্রবার সাঈদীর জন্য দোয়া এবং পরদিন শনিবার সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।

আপিল বিভাগের রায় ঘোষণার দুই ঘণ্টার মাথায় আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচি ‘গণতান্ত্রিক‘ ও ‘নিয়মতান্ত্রিক’ পন্থায় এবং ‘শান্তিপূর্ণ’ উপায়ে পালন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বন জানানো হয়।

বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আপিল বিভাগের রায়ের ব্যাপারে দলীয় প্রতিক্রিয়া জানান। তাঁরা দাবি করেন, দেলু শিকদার নামের কুখ্যাত রাজাকারের অপকর্মের দায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপর চাপানো হয়। বিচারপ্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে তাঁকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়। এ রায়ের বিরুদ্ধে সাঈদী রিভিউ আবেদন করবেন জানিয়ে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, সাঈদী সেখানে ন্যায়বিচার পাবেন।
বিবৃতিতে জামায়াতের দুই নেতা দাবি করেন, ১৯৭৮ সাল পর্যন্ত সাঈদী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে ‘মিথ্যা, কাল্পনিক ও বায়বীয়’ অভিযোগে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা দায়ের করে। সরকার এ মামলায় তাঁকে ফাঁসানোর জন্য বেলজিয়াম থেকে পাঠানো জনৈক জিয়াউদ্দীনের পাঠানো চার্জ ফ্রেমিং অর্ডারের ওপর ভিত্তি করে চার্জ গঠন করে। ১৬ জন সাক্ষীকে আদালতে হাজির না করে তাঁদের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়। স্কাইপ কেলেঙ্কারির পর সংশ্লিষ্ট বিচারক পদত্যাগ করলেও তাঁর রেকর্ড করা জবানবন্দির ওপর ভিত্তি করে ট্রাইব্যুনালে রায় প্রদান করা হয়। ১৯৭২ সালে ইব্রা​হিম কুট্টির স্ত্রী মমতাজ বেগমের দায়ের করা মামলা ও চার্জ​শিটের সার্টিফাইড কপি আদালতে জমা দেওয়ার পরেও তা আমলে নেওয়া হয়নি।

এদিকে, জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও রায় প্রত্যাখ্যান করে পৃথক বিবৃতি দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ‘এ রায় ন্যায়বিচারের ইতিহাসকে কলঙ্কিত করেছে। দেশ-বিদেশের বিবেকবান কেউ এ রায় মেনে নেবে না।’