সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তরুণ-তরুণীকে বেঁধে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে পেটানোর পর মেয়েটি আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার পর পুলিশ উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মনিরুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
মনিরুল ইসলাম সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন চৌকিদার ইসমাইল হোসেন, জয়দেব কুমার দাশ ও মুঠোফোন রিচার্জ ব্যবসায়ী হাসান আলী।
আত্মহত্যা করা মেয়েটির নাম আফরোজা খাতুন (১৬)। সে সোনাবাড়িয়া গ্রামের নূর আহম্মদের মেয়ে। আফরোজার ভগ্নিপতি আরিফুল ইসলাম বলেন, আফরোজা মুঠোফোন রিচার্জ করতে শুক্রবার দুপুরে সোনাবাড়িয়া বাজারের একটি দোকানে গেলে স্থানীয় লোকজন তাকেসহ অপর এক তরুণকে আটক করে তাদের মধ্যে সম্পর্কের অভিযোগ তোলে। তাদের দুজনকে ওই দোকানে আটকে রেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেয় লোকজন। চৌকিদার ইসমাইল হোসেন অন্যদের সহায়তায় তাদের দুজনকে পিছমোড়া করে বেঁধে ইউপি কার্যালয়ে নিয়ে যান। সেখানে চেয়ারম্যান ও অন্যরা লাঠি দিয়ে ছেলেটিকে পেটান এবং মেয়েটিকে চড়-থাপ্পড় মারেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
আরিফুল বলেন, ক্ষোভে ও লজ্জায় শনিবার দুপুরে আফরোজা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় আফরোজার ভাই ইব্রাহিম খলিল ইউপি চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন।
অভিযোগের বিষয়ে চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, চৌকিদার ইসমাইল হোসেনসহ কয়েকজন একটি ছেলে ও একটি মেয়েকে তাঁর কাছে নিয়ে আসেন। তিনি তাদের বকাবকি করে ছেড়ে দেন।
তবে চৌকিদার ইসমাইল হোসেন বলেন, ঘটনা জানার পর চেয়ারম্যান তাঁকে ছেলে ও মেয়েটিকে বেঁধে নিয়ে আসতে বলেন। ইউনিয়ন পরিষদে নিয়ে আসার পর চেয়ারম্যান তাদের মারধর করে ছেড়ে দেন।
কলারোয়া থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, মামলার পর চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।