বেঁধে দেওয়া সময় পার, কমেনি চালের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার পাইকারি বাজার বা মোকামে চালের দাম সহনীয় করতে ব্যবসায়ীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় সেই সময় শেষ হয়েছে। তারপরও খাজানগর মোকামে চালের দাম কমেনি। এ অবস্থায় প্রশাসন খাজানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল বুধবার বিকেল চারটায় চালের মূল্যবৃদ্ধি ও এর সমাধান নিয়ে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার শীর্ষ কয়েকজন মিলমালিক, চাল ব্যবসায়ী ও চেম্বার নেতা উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসক জহির রায়হান ২৪ ঘণ্টার মধ্যে চালের দাম সহনীয় পর্যায়ে আনার জন্য সময় বেঁধে দেন।

আজ বৃহস্পতিবার বেলা তিনটায় জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, ‘খাজানগর এলাকায় চালের সবচেয়ে বড় মোকাম রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টের স্বত্বাধিকারী আবদুর রশিদের সঙ্গে কথা হয়েছে। রশিদ জানিয়েছেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। চালের দাম কমানোর ব্যাপারে ঈদের পর আবার আলোচনা হবে।’

রবিউল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত খাজানগর এলাকায় মোকামে চালের দাম কমেনি। আগের দরেই বিক্রি হচ্ছে। এই কর্মকর্তা জেলা প্রশাসনের বুধবারের সভায় জানিয়েছিলেন, বর্তমানে মিনিকেট ধানের দাম প্রতি মণ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকা। চালকলের মালিকেরা চাল উৎপাদনের জন্য বেশ কয়েক মাস আগে ধান কিনে গুদামে মজুত করে রাখেন। এই দামে ধান কিনলে চালের কেজিপ্রতি দর ৪৭ থেকে ৪৮ টাকার মধ্যে থাকার কথা। হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিপ্রতি তিন থেকে চার টাকা বাড়ার কোনো যৌক্তিকতা নেই। একই মানের ধান দিয়ে অনেকে প্রতি কেজি মিনিকেট চাল ৫১ টাকায় বিক্রি করে। রশিদ অ্যাগ্রো বিক্রি করে ৫৪ টাকায়। দামে এত ফারাক হতে পারে না।

স্থানীয় চেম্বারের সভাপতি আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম সভায় অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য অনেক মিলমালিক কাজ করছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জেলা প্রশাসককে ফোন করেছিলেন। কাল (শুক্রবার) পর্যন্ত চালের দাম দেখতে বলেছেন। তা না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’