গাজীপুরে র্যাবের অভিযানে নিহত দুজনের পরিচয় না মেলায় বেওয়ারিশ হিসেবে তাঁদের লাশ আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে দাফন করা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর রাতে গাজীপুরের দক্ষিণ যোগীতলায় ঢাকা বাইপাস সড়কের পাশে একটি পরিত্যক্ত ঘরে র্যাবের অভিযানে দুজন নিহত হয়। র্যাব জানায়, ওই পরিত্যক্ত ঘরটি জঙ্গি আস্তানা ছিল। সেখানে সংঘবদ্ধ হয়ে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছিল, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় জঙ্গিরা র্যাবকে উদ্দেশ করে বোমা ছুড়ে মারে, র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘরের ভেতর থেকে দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের লাশ তিন দিন হাসপাতালের মর্গে রাখা হয়। গতকাল শুক্রবার জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। তাই বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুলের মাধ্যমে গত বুধবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কবরস্থানে লাশ দাফন করা হয়।
পরিচয় জানা না গেলেও র্যাব বলছে, নিহত দুজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওই পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা জেএমবির প্রচারপত্র দেখে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে।