বেকারিতে নষ্ট ডালডা কাপড়ের রং

চট্টগ্রামের মাদারবাড়ী এলাকার দিদার বেকারিতে নষ্ট ডালডা ও কাপড়ের রং ব্যবহার করে বিস্কুট-কেক উৎপাদন করা হচ্ছিল। বেকারির পাশের একটি রেস্তোরাঁয় রান্নায় ব্যবহার হচ্ছিল পোড়া তেল ও নষ্ট মসলা। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব নষ্ট পণ্য জব্দ করেছেন।
এ ছাড়া লাইসেন্স দেখাতে না পারায় ওই এলাকার মেনিবা ওয়াটার নামে জারে করে পানি বিক্রির একটি প্রতিষ্ঠানের কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এসব অভিযান চালান।
মোহাম্মাদ রুহুল আমীন বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং ও নষ্ট ডালডা দিয়ে দীর্ঘদিন ধরে দিদার বেকারি বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। অভিযান শুরু করার পরপরই বেকারির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া যায়নি। একই ঘটনা ঘটেছে পাশের একটি রেস্তোরাঁতেও। সেখানকার মালিকও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তবে এই দুই দোকান থেকে প্রায় ৩০ কেজি নষ্ট ডালডা, বিপুল পরিমাণের কাপড়ের রং, পোড়া তেল ও নষ্ট মসলা জব্দ করে পাশের নালায় ফেলে দেওয়া হয়েছে।