বেকারির খাবার খেয়ে শতাধিক কর্মকর্তা-কর্মচারী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের ঢাকা ফাস্টফুডের খাবার খেয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হওয়ার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

রোববার দিবাগত রাতে রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত সাদিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের অন্য কর্মকর্তারা। ফাস্টফুডের খাবার খেয়ে একই সঙ্গে এত মানুষ অসুস্থ হওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি বলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে।

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানোর পরে গতকাল সোমবার শহরের অধিকাংশ কনফেকশনারির দোকানগুলোয় তেমন কোনো খাবার পাওয়া যায়নি। এত বড় ঘটনার বিষয়টি শহরের অভিভাবক, শিশু-কিশোরসহ সর্বমহলে বেশ আলোচিত হয়ে উঠেছে। সেই সঙ্গে এসব দোকানের খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

একাধিক সূত্র জানায়, শহরের ধাপে অবস্থিত ঢাকা ফাস্টফুডের বার্গার ও স্যান্ডউইচ কেনে গণপূর্ত বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এই তিন প্রতিষ্ঠানের একই দিন গত বৃহস্পতিবার নিজস্ব অনুষ্ঠান ছিল। এই ফাস্টফুড খেয়ে রাতেই এই তিন প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

গণপূর্ত বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী বলেন, ‘গত বৃহস্পতিবার রংপুর বিভাগের আট জেলার প্রকৌশলীদের নিয়ে একটি সমন্বয় সভা ছিল। এই সভায় নাশতা হিসেবে ঢাকা ফাস্টফুডের বার্গার ও স্যান্ডউইচ খাওয়ানো হয়। এটি খাওয়ার পর ওই রাতে একই সঙ্গে সবার পাতলা পায়খানা ও বমি হয়। তাঁদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এখানে আমিও অসুস্থ হয়ে পড়ি এবং এখনো শরীর দুর্বল।’

অসুস্থ হয়ে পড়া এখনো চিকিৎসাধীন নর্দান মেডিকেল কলেজের মহাব্যবস্থাপক জিহরুল হক বলেন, ‘এক্সিম ব্যাংকের অনুষ্ঠানে এই ফাস্টফুড খেয়েছিলাম। রাতে প্রচুর পাতলা পায়খানা ও বমি হয়েছে। স্যালাইন দিতে হয়েছে।’

রংপুর কমিউনিটি মেডিকেল হাসপাতালের উপপরিচালক আল আমিন বলেন, ‘এটি খেয়ে আমার শরীর খুবই দুর্বল হয়ে পড়েছে। প্রচুর পাতলা পায়খানা ও বমি হওয়ায় হাসপাতালে আমিসহ আমার প্রতিষ্ঠানের ১৬ জন অসুস্থ হয়ে পড়ি। এখনো সবাই অসুস্থ।’

জেলা সিভিল সার্জন মোজাম্মেল হোসেন বলেন, খাদ্যে বিষক্রিয়া ছিল বলেই এ ঘটনা ঘটেছে। গত রোববার কমিউনিটি মেডিকেল কলেজের পক্ষ থেকে এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর গত রোববার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ওই ঢাকা ফাস্টফুডের খাবারের মান নিম্নমানের অভিযোগ ও রান্নাঘর নোংরা হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সেই সঙ্গে তাদের সতর্ক করে দেওয়া হয়।

ঢাকা ফাস্টফুডের স্বত্বাধিকারীকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কোনো কর্মচারী কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

বেকারি মালিক সমিতির সভাপতি নূরুল হক বলেন, জেলায় ৭০টি বেকারি রয়েছে। বাসি খাবার বিক্রি না করার জন্য সব বেকারির মালিকদের জানানো হয়েছে।