বেকারির পণ্যে নষ্ট ডালডা, কাপড়ের রং
নষ্ট ডালডা ও কাপড়ের রং ব্যবহার করে বিস্কুট-কেক উৎপাদন এবং লাইসেন্স ছাড়া খাবার পানি বিক্রির দায়ে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার নগরের মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে ওই অভিযান চালানোর সময় দিদার বেকারিতে নষ্ট ডালডা ও কাপড়ের রং ব্যবহার করে বিস্কুট-কেক উৎপাদন করা হচ্ছিল। পরে আদালত ওই সব নষ্ট পণ্য জব্দ করে। এ ছাড়া লাইসেন্স দেখাতে না পারায় ওই এলাকার মেনিবা ওয়াটার নামে জারে পানি বিক্রির করার একটি প্রতিষ্ঠানের কারখানাও বন্ধ করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং ও নষ্ট ডালডা দিয়ে দিদার বেকারী দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করে আসছিল। আজ এ অভিযান শুরুর পরপরই বেকারির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। একই ঘটনা ঘটেছে পাশের একটি ভাতের হোটেলেও। সেখানকার মালিকও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে দোকান দুটি থেকে প্রায় ৩০ কেজি নষ্ট ডালডা, বিপুল পরিমাণের কাপড়ের রং, পোড়া তেল ও নষ্ট মশলা জব্দ করে পাশের নালায় ফেলে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, লাইসেন্স ছাড়াই মেনিবা ওয়াটার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘ ছয় বছর ধরে জারে করে পানি বাজারজাত করে আসছিল। অভিযানে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সে কারণে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে কারখানাটি খুলে দেওয়া হবে।