বেগমগঞ্জে আ.লীগের সাংসদ-সমর্থকদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনের কাউন্সিল বাতিলের দাবিতে বেগমগঞ্জের চৌরাস্তায় গতকাল রোববার বিকেলে দ্বিতীয় দিনের মতো প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে স্থানীয় সাংসদ (নোয়াখালী-৩) মামুনুর রশীদ কিরণের সমর্থকেরা।
বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ অবরোধ চলে। অবরোধকারীরা এ সময় চৌমুহনী-মাইজদী সড়ক, নোয়াখালী-কুমিল্লা সড়ক, নোয়াখালী-লক্ষ্মীপুর সড়ক ও নোয়াখালী-ফেনী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।
এতে চৌরাস্তার চারদিকের চারটি সড়কে বেশ কিছু যানবাহন আটকা পড়ায় যাত্রীরা সীমাহীন ভোগান্তির শিকার হন। খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী এহসানুল কবিরের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার পর সাংসদ মামুনুর রশীদের সমর্থকেরা বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্ববর্তী গ্লোব ডেইরি ফার্ম চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ উল্লা ও আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন ওরফে মিন্টুসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।