বেগমগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষ্মণপুর গ্রামে গতকাল শনিবার প্রতিপক্ষের হামলায় মহিনউদ্দিন (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিন নারীসহ চারজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, লক্ষ্মণপুর গ্রামের বেপারিবাড়ির মহিনউদ্দিনের পরিবারের সঙ্গে একই বাড়ির মিলনের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকাল ১০টার দিকে মিলন লোকজন নিয়ে বিরোধপূর্ণ জায়গায় মাটি ভরাট শুরু করেন। এ সময় মহিনউদ্দিন এর প্রতিবাদ জানান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে মিলন ও তাঁর লোকজন মহিনউদ্দিনকে রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করেন। পরিবারের লোকজন দ্রুত মহিনউদ্দিনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিনউদ্দিনের ভাতিজা মো. ইউসুফ বলেন, একই বাড়ির মিলন ও তাঁর সহযোগীরা তাঁর চাচাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন নারীসহ চারজনকে আটক করা হয়েছে।