বেগমগঞ্জে চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই
নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের পলোয়ানের পোল নামক স্থানে এ ঘটনা ঘটে। চালককে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করে।
নিহত চালকের নাম সুজন হোসেন ওরফে জুয়েল (২৮)। উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অভিরামপুর গ্রামে তাঁর বাড়ি। গতকাল রোববার তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, শনিবার দিবাগত রাত একটার দিকে সুজন যাত্রী পরিবহন শেষে বাড়ি ফিরছিলেন। পথে নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার পলোয়ানের পোলে দুর্বৃত্তরা তাঁর অটোরিকশার গতি রোধ করে। এ সময় তারা সুজনকে এলোপাতাড়ি কুপিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, চালক হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।