বেগমগঞ্জে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১, গুলিবিদ্ধ আরও দুজন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর হাজিপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. মাসুদ (২৬) নামের একজন গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, হাজিপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুটি সন্ত্রাসী দল ‘সম্রাট’ ও ‘সুমন’ বাহিনীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এলাকার রহিম উদ্দিন হাজিবাড়ির সামনে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাল্টা-ধাওয়া থেকে গোলাগুলি শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে পাল্টা-ধাওয়া ও গোলাগুলি চলে। এতে দুই পক্ষের তিনজন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় গুলিবিদ্ধ তিনজনকে পুলিশ নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত মাসুদ হাজিপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। মাসুদ এবং গুলিবিদ্ধ মো. সোহেল (২০) সন্ত্রাসী দল ‘সুমন গ্রুপের’ সদস্য। গুলিবিদ্ধ অন্য যুবক মো. আলো (২১) ‘সম্রাট গ্রুপের’ সদস্য। গুলিবিদ্ধ দুজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আলো হাসপাতাল থেকে পালিয়ে যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, তিনজনকেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। মাসুদকে মৃত পাওয়া গেছে। অন্য দুজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আলো পালিয়ে যান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, সম্রাট ও সুমন বাহিনীর গোলাগুলিতে সুমন বাহিনীর একজন গুলিতে মারা গেছেন। সম্রাট ও সুমন দুজনই চিহ্নিত সন্ত্রাসী।