
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন চলাকালে দুজন নিহত হয়েছেন। উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা ও জিরতলী ইউনিয়নের কে বি ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন রাজগঞ্জ ইউনিয়নের ছোট হোসেনপুর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের সমর্থক মুক্তিযোদ্ধা ছৈয়দ আহম্মদ (৬৫) ও জিরতলী ইউনিয়নের উত্তর জিরতলী গ্রামের মো. শাকিল (১৬)। শাকিল বাংলাবাজারে একটি ফলের দোকানের কর্মচারী ছিল।
এ ছাড়া দিনভর নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে ও কেন্দ্রের বাইরে বিক্ষিপ্ত হামলার ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার ১৬টি ইউনিয়নের সব কটিতে ভোটকেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। ৫৫টি ভোটকেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার বেলা ১১টার দিকে রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ও র্যাবের সদস্যরা দুই পক্ষকে ধাওয়া করেন। ওই সময় ভোট দিতে আসা সৈয়দ আহম্মদ ছুটতে গিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তিনি মাথায় আঘাত পান। আশপাশের লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ জানান, সকাল পৌনে ১০টার দিকে একদল দুর্বৃত্ত কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারা শুরু করে। তারা এ সময় তাঁকেসহ কেন্দ্রের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের জিম্মি করে। ওই সময় প্রায় দুই ঘণ্টা ধরে তাঁরা অনেকটা অবরুদ্ধ অবস্থায় কেন্দ্রের ভেতর অবস্থান করেন। পরে পুলিশ ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, জিরতলী ইউনিয়নের কে বি ইউনিয়ন উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করে এবং কিছু ব্যালট ছিঁড়ে ফেলে। এ ঘটনায় কিছু সময় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা মানিক রতন সরকার। এরপর রিটার্নিং কর্মকর্তা মুহা. আবুল খায়ের এসে আবার ভোট গ্রহণ শুরু করার নির্দেশ দিয়ে যান। মানিক রতন জানান, রিটার্নিং কর্মকর্তার যাওয়ার পর বেলা একটার দিকে কেন্দ্রের চারদিক থেকে বহিরাগত লোকজন বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল হামলা চালাতে থাকে। এ সময় পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হামলাকারীদের কয়েকজন আহত হয়েছেন বলে তিনি শুনেছেন। স্থানীয় লোকজন জানান, ওই ঘটনায় সদস্য পদপ্রার্থী গোলাম মোস্তফার ভাতিজা মো. শাকিলসহ তিনজন গুলিতে আহত হন। এ ছাড়া ওই কেন্দ্রে আরও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুলিতে আহত শাকিল ও রাব্বিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়।
শাকিলের মা বকুল বেগম বলেন, দুপুরে ভোট দেখতে গিয়েছিল শাকিল। ওই সময় কেন্দ্রে মারামারি লাগলে পুলিশ এসে এলোপাতাড়ি গুলি করে। এতে শাকিল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
তবে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ভোটকেন্দ্র দখলমুক্ত ও সড়কের অবরোধ সরাতে পুলিশ ফাঁকা গুলি করেছে। ওই ঘটনায় কেউ আহত হয়নি। ওই পথ দিয়ে যাওয়ার সময় ভয়ে দৌড়ে পালানোর সময় সড়কে পড়ে মাথায় আঘাত পায় শাকিল। পরে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই।
এদিকে সকাল নয়টায় উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের সমর্থকেরা বুথে ঢুকে ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারছেন। একই সময় বহিরাগত ব্যক্তিদের কেন্দ্রে মহড়া দিতে দেখা যায়।
একই ধরনের দৃশ্য দেখা যায় হাজীপুর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ মজিদ উচ্চবিদ্যালয়, ৫ নম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র (মধ্য হাজীপুর), পূর্ব হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। এসব কেন্দ্রে বহিরাগত ব্যক্তিরা ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সিল মেরেছেন বলে অভিযোগ রয়েছে। পরে এ ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ ছাড়া কেন্দ্র দখল করে সিল মারা, ব্যালট ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় উপজেলার আমানউল্লাহপুরের চারটি, জিরতলীর চারটি, আলাইয়াপুরের ছয়টি, রাজগঞ্জের তিনটি, ছয়ানীরের একটি, একলাশপুরের আটটি, বেগমগঞ্জের তিনটি, মীর ওয়ারিশপুরের পাঁচটি, নরোত্তমপুরের তিনটি, কুতুবপুরের চারটি, দুর্গাপুরের দুটি, রসুলপুরের তিনটি, শরিফপুরের তিনটি ও কাদিরপুরের একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছেন প্রিসাইডিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র দখলের চেষ্টা, ব্যালট ছিনিয়ে নেওয়াসহ নানা অনিয়মের ঘটনা ঘটেছে। রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অনিয়মের ঘটনায় ৫৫টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।