বেগমগঞ্জে নিকাহ রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যার চেষ্টা, আটক ২
নোয়াখালীতে যমুনা টেলিভিশনের প্রতিনিধি মোতাছিম বিল্লাহর বাবা নিকাহ রেজিস্ট্রার কাজি সোলেমানকে (৬২) কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় বাড়ির পাহারাদার আবদুর রহিমকেও (২৫) কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাৎক্ষণিক আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে কাজি সোলেমানকে গতকাল সোমবার সকালে ঢাকার পঙ্গু হাসপাতালে এবং আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর এলাকার লোকজন কাজি সোলেমানের বাড়ির কাছাকাছি এলাকা থেকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে থানায় সোপর্দ করেন। আটক যুবকেরা হলো লক্ষ্মীপুর সদর উপজেলার মো. স্বপন (২৭) ও মো. সুমন (২৩)। পুলিশ তাদের কাছ থেকে একটি দেশি এলজি ও ১৬টি গুলি উদ্ধার করে।
মোতাছিম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। হঠাৎ পাঁচ-ছয়জনের একদল যুবক অস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। যুবকেরা ঢুকেই তাঁর বাবার কক্ষে গিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় বাধা দিতে এলে বাড়ির পাহারাদার আবদুর রহিমকেও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়।
তিনি জানান, এ ঘটনার পর আশপাশের লোকজনের সহায়তায় তাঁর বাবাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার কিছুক্ষণ পর বাড়ির কাছাকাছি এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
তবে ঠিক কী কারণে বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়েছে, তা বলতে পারেননি মোতাছিম বিল্লাহ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার বিষয়ে আটক যুবকেরা এখনো মুখ খোলেনি। তাদের আসামি করে কুপিয়ে হত্যার চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে।