নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানকে (৩৫) কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আমিনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়লে রাত আটটার দিকে তাঁর অনুসারী নেতা-কর্মীরা আমিনবাজারে বিক্ষোভ করেন। এ ঘটনার পেছনে যুবলীগের অভ্যন্তরীণ বিরোধ কাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হামলার প্রতিবাদে ক্ষুব্ধ নেতা-কর্মীরা গত রাত আটটার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিনবাজার অংশে অবস্থান নেন। তাঁরা সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত নয়টার দিকে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ছয়টার দিকে সাত-আটজন দুর্বৃত্ত আমিনবাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের পাশে মশিউর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী শহরের একটি হাসপাতালে ভর্তি করেন। মশিউরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে আমিনবাজার ও আশপাশের এলাকা থেকে তাঁর অনুসারীরা আমিনবাজারে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে ও গুলির শব্দ শোনা যায়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক নূর হোসেন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শুনেছি ছাত্রলীগের কর্মী পরিচয়ে একজন মশিউরকে ফোন করে বাজারে থাকার অনুরোধ করে। এর কিছুক্ষণ পরই মুখোশধারী দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।’
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তদের হামলায় মশিউর আহত হওয়ার পর ক্ষুব্ধ লোকজন কিছুক্ষণ সড়কে যান চলাচলে বাধা দেয়। তবে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে বলে তিনি শুনেছেন। দলের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।