বেগমগঞ্জে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে গতকাল শুক্রবার নয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তবে মামলার পর ডাক্তারি পরীক্ষা হলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
শিশুটির পরিবারের লোকজন জানান, গতকাল বেলা ১১টার দিকে শিশুটিকে একই এলাকার এক যুবক (২০) কৌশলে ডেকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজনকে এগিয়ে আসতে দেখে ওই যুবক পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে যান।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।