বেগমগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বুধবার বিকেলে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মো. মাসুদ নামের এক ব্যক্তি নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বিকেল পৌনে চারটার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর হাজীপুরের বড়বাড়ির দরজা এলাকায় স্থানীয় সম্রাট বাহিনী ও সুমন বাহিনীর লোকজনের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তাজুল ইসলামের ছেলে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, বিকেলে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সম্রাট বাহিনী ও সুমন বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।