বেগমগঞ্জের শিবির নেতা নারায়ণগঞ্জে গ্রেপ্তার
নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাফায়েত উল্লাহকে নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জ শহরের কালির বাজার এলাকায় র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সাফায়েত উল্লাহর বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বারইচতল এলাকায়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মো. মশিউর রহমান সংবাদ সম্মেলনে বলেন, আজ সকাল সাড়ে দশটার দিকে কলেজ রোডের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই বাড়িতে সে আত্মগোপন করে ছিল। এ সময় নাশকতার কাজে ব্যবহৃত সংবাদপত্র স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, মুঠোফোন, বেশ কিছু জিহাদি বই ও ভুয়া সংবাদপত্রের আইডি কার্ড উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ও নাশকতাসহ আটটি মামলা রয়েছে।
বড় ধরনের নাশকতা চালানোর জন্য সাফায়েত নোয়াখালী থেকে নারায়ণগঞ্জে এসেছেন বলে গোপন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।