বেগুনগাছ কাটায় জড়িত সন্দেহে একজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে কৃষকের বেগুনগাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আ. মালেক সরদার (২৫) নামের এক তরুণকে পুলিশ আটক করেছে। তিনি উপজেলার দক্ষিণ দৌলতদিয়া তোমছের মাতুব্বরপাড়ার বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত কৃষক মেজেক মন্ডলের ভাগনে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও পুলিশ জানায়, গত শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার তোমছের মাতুব্বরপাড়ার কৃষক মেজেক আলীর রোপণ করা প্রায় দুই বিঘা জমির বেগুনগাছ গোড়া থেকে কেটে ও বেগুন নষ্ট করে ফেলে দুর্বৃত্তরা। বিষয়টি জানতে পেরে গোয়ালন্দ ঘাট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে মেজেক আলীর আপন বড় বোনের ছেলে মালেকের সঙ্গে টাকাপয়সা-সংক্রান্ত লেনদেন নিয়ে অসন্তোষ থাকায় জড়িত সন্দেহে তাঁকে আটক করে।
তবে মালেক সরদার ও তাঁর পরিবারের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
গোয়ালন্দ ঘাট ওসি এস এম শাহজালাল বলেন, দুবার বেগুনখেত বিনষ্ট করা নিয়ে মেজেক মন্ডলের সঙ্গে তাঁর আপন ভাগনে মালেকের জমি বন্ধকের টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়কে কেন্দ্র করে ভাগনে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ বিষয়ে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।