বেগুনবাড়ীতে কিশোরী ধর্ষিত, গ্রেপ্তার চার
রাজধানীর বেগুনবাড়ী এলাকায় গতকাল সোমবার বিকেলে এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো শুভ, সোহেল, মিরাজ ও বাবুল।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ বলেছে, ওই কিশোরী উত্তর বেগুনবাড়ী এলাকায় থাকে। সে আগে একটি পোশাক কারখানায় কাজ করত। গতকাল বিকেলে পূর্বপরিচিত যুবক শুভ ‘কথা আছে’ বলে তাকে বেগুনবাড়ীর ঢাল এলাকায় ডেকে নেয়। পরে তাকে ওই এলাকার একটি ঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল শুভর বন্ধু সোহেল, মিরাজ ও বাবুল। এ সময় সোহেল তাকে ধর্ষণ করে। সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে বাবুল। ধর্ষণের পর তারা মেয়েটিকে বের করে দেয় এবং কাউকে কিছু না জানানোর জন্য হুমকি দেয়। মেয়েটি এক পর্যায়ে তার এক বান্ধবীকে বিষয়টি জানায়। সেই বান্ধবীর স্বামীর মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় ধর্ষণের শিকার কিশোরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেছে।