বেড়াতে আসা ছাত্রকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেড়াতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসের বটতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বটতলায় একটি দোকানে দুপুরের খাবার শেষ করে মূল্য পরিশোধ করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খায়রুল বাসার। এ সময় দোকানে ঢুকছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ। ঢোকার সময় রাজীব খায়রুলকে তুই সম্বোধন করে সরে দাঁড়াতে বলেন। এ সময়  কথোপকথনের একপর্যায়ে পাশ থেকে এগিয়ে এসে খায়রুলকে চড় মারেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণযোগাযোগবিষয়ক সম্পাদক তারেক হাসান। এ ব্যাপারে খায়রুল বলেন, ‘এ ধরনের আচরণে আমি বিস্মিত।’ জানতে চাইলে তারেক বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

রাজীব আহমেদ বলেন, ‘খায়রুল মেয়েদের টিজ করেছিল। তাই ওকে জুনিয়ররা চড়-থাপড় দিয়েছে।’