বেড়াতে এসে ধর্ষণের শিকার কলেজছাত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়াতে এসে রাজধানীর নিউমার্কেট এলাকায় গত শুক্রবার এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন।
গতকাল শনিবার হাসপাতালে কলেজছাত্রীর মা-বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায়। চার ভাই ও এক বোনের মধ্যে কলেজ-ছাত্রীটি সবার ছোট। সে স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। ১৬ অক্টোবর কলেজ থেকে ফেরার জন্য শ্রীনগরের বালাশুর বাসস্ট্যান্ডে গেলে ছাত্রীটির সঙ্গে এক যুবক এসে পরিচিত হয়। নিজেকে সুমন নামে পরিচয় দিয়ে বলে, সে সচিবালয়ে চাকরি করে, ঢাকায় থাকে। ওই যুবক কলেজছাত্রীকে পথে কোনো সমস্যা হলে ফোনে জানাতে বলে। এর পর থেকে ফোনে যোগাযোগ করত ওই যুবক। এরই মধ্যে সুমন ওই ছাত্রীকে বেড়ানোর নাম করে ঢাকায় আসতে বলে।
শুক্রবার সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ঢাকার গুলিস্তানে আসে ওই কলেজছাত্রী। সেখান থেকে সুমন তাকে নিয়ে রিকশায় সংসদ ভবন এলাকায় যায়। সেখানে ঘোরাফেরার পর দুপুরে নিউমার্কেট-সংলগ্ন গাউছিয়া মার্কেট এলাকায় এক বাড়ির পাঁচতলার বাসায় কলেজছাত্রীকে নিয়ে যায় সুমন। বাসাটিকে সে নিজের ভািবর বলে জানায়। তখন ওই বাসার একটি কক্ষে এক নারী কাজে ব্যস্ত ছিলেন। অন্য কক্ষে সুমন মুখ চেপে কলেজছাত্রীকে ধর্ষণ করে। ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি করে সুমন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে গুলিস্তানে নামিয়ে দেয়। কিন্তু বাসে কিছুদূর যাওয়ার পর আরও অসুস্থ বোধ করে কলেজছাত্রী। বাস থেকে বালাশুর এলাকায় নেমে মাকে ফোন করে বিস্তারিত বিষয় খুলে বলে সে। মা সেখানে গিয়ে তাকে নিয়ে বাসায় ফেরেন।
কলেজছাত্রীর মা-বাবা সাংবাদিকদের জানান, প্রথমে তাঁরা বাসায় একজন চিকিৎসক এনে মেয়েকে দেখান। ওই চিকিৎসকের পরামর্শে মুন্সিগঞ্জের একটি সরকারি হাসপাতালে মেয়েকে নেন তাঁরা। সেখান থেকে তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার রাত ১১টার দিকে মেয়েকে ঢাকা মেডিকেলে ভর্তি করেন তাঁরা।
গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে মেয়েটির বাবা কাঁদতে কাঁদতে প্রথম আলোকে বলেন, ‘আমার জন্য মৃত্যুর ট্যাবলেট নিয়ে আসেন। আমি অনেক সাংবাদিককে বলেছি কিন্তু এখন পর্যন্ত কোনো একটা কিছু হয় নাই। আমি শ্রীনগর থানার পরিচিত এক দারোগাকে জানাইছি। তবে সম্মানের কথা চিন্তা করে নিজের মেয়ের কথা জানাইনি। দারোগা বলেছেন, যেখানে ঘটনা সেখানকার থানা-পুলিশের কাছে অভিযোগ করতে হবে। কিন্তু আমি জানি না, এখানে কোথায় কাকে অভিযোগ করব?’
শ্রীনগর থানায় শওকত হোসেন নামের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আছেন। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘তিনি (মেয়েটির বাবা) আমাকে জিজ্ঞেস করেছিলেন, শ্রীনগর থানা এলাকার কোনো নারী ঢাকায় ধর্ষিত হলে শ্রীনগর থানায় মামলা করা যাবে কি না। আমি বলেছি, যেখানে ঘটনা সেখানেই মামলা করতে হবে। তিনি আর বিস্তারিত কিছু বলেননি। আমিও জিজ্ঞেস করিনি।’
সুমনের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।
গতকাল রাত আটটার দিকে যোগাযোগ করা হলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত প্রথম আলোকে বলেন, ‘অনেকেই ফোন করে জানতে চাচ্ছেন। তবে কেউ এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেননি।’