বেড়ানোর কথা বলে অপহরণ, ২০ হাজার টাকায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়ানোর কথা বলে গত সোমবার ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল থেকে অথৈ বিশ্বাস (৭) নামের এক শিশুকে অপহরণ করেন এক তরুণী। এক দিন পর মুঠোফোনে ২০ হাজার টাকা বিকাশ করে দেওয়ার পর ওই শিশুকে মুক্তি দেওয়া হয়েছে।
অথৈ বিশ্বাস রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নগররায় পাড়ার বিমান বিশ্বাসের মেয়ে। বিমান বিশ্বাসের বাবা ভৈরব বিশ্বাস প্রথম আলোকে বলেন, সোমবার সকালে তিনি ছেলের (বিমান) স্ত্রী ও নাতনি অথৈ বিশ্বাসকে নিয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে যান। দীর্ঘক্ষণ একত্রে দাঁড়িয়ে থাকার সময় বোরকা পরা এক তরুণী বেলা একটার দিকে এসে তাঁদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ওই তরুণী বেড়ানোর কথা বলে অথৈকে নিয়ে একটি অটোরিকশায় ওঠেন। অনেকক্ষণ পরও ওই তরুণী ফিরে না আসায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনাটি মাইকিং করার পাশাপাশি পুলিশকেও জানানো হয়। সন্ধ্যার দিকে ওই তরুণী মুঠোফোনে তাঁর (ভৈরব বিশ্বাস) কাছে অথৈর থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং ৫০ হাজার টাকা মুক্তিপণ চান। পরদিন মঙ্গলবার দুপুরে টাকা না দিলে অথৈকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তরুণীর দেওয়া কথামতো একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। বেলা তিনটার দিকে ফরিদপুরের কানাইপুর বাসস্ট্যান্ডে একটি লোকাল বাস থেকে অথৈকে নামিয়ে দেওয়া হয়। বাসচালকের সহকারী জানান, মা পরিচয় দিয়ে এক নারী অথৈকে বাসে উঠিয়ে দিয়ে তাঁকে বলেন, ওর বাবা কানাইপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন। তাঁর কাছে ওকে পৌঁছে দেবেন। ভৈরব বিশ্বাস বলেন, ‘যেহেতু একমাত্র নাতনিকে ফেরত পেয়েছি, তাই কোনো আইনগত পদক্ষেপ নিইনি।’
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সোমবার ডায়াবেটিক হাসপাতাল থেকে হারিয়ে যাওয়ার পর মঙ্গলবার কানাইপুর এলাকা থেকে অথৈকে খুঁজে পাওয়া যায়।