বেড়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিলবোর্ড ভাঙার অভিযোগকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার পাবনার বেড়ায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত ও চারজন গ্রেপ্তার হয়েছেন।
বেড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে বেড়া পৌর ছাত্রদল শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রাটি বেড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের টাঙানো কয়েকটি বিলবোর্ড ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। শোভাযাত্রাটি বেড়া বাজারে এলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিলবোর্ড ভাঙার প্রতিবাদ জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে বিএনপির নেতা-কর্মীরা সংগঠিত হয়ে বেড়া পৌর এলাকার কানাইবাড়ী মোড়ে সমবেত হন। সেখানে পুলিশ তাঁদের বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লাঠিপেটার পাশাপাশি শটগানের ১২টি গুলি ছোড়ে।
এতে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আবদুল বারেক (১৬), আরিফ (২৬), উজ্জ্বলসহ বিএনপির পাঁচ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনায় পুলিশ বেড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান মোল্লা, পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদল নেতা মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।
বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘বিএনপি-ছাত্রদলের মিছিলের লোকজন আমাদের বিলবোর্ড ভাঙতে থাকে ও অশ্লীল ভাষায় স্লোগান দেন। আমাদের কিছু নেতা-কর্মী ওদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে মাত্র।’
বেড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মালেক বলেন, ‘শান্তিপূর্ণভাবে আমাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছিল। আওয়ামী-যুবলীগের নেতা-কর্মীরা বিনা উসকানিতে আমাদের শোভাযাত্রায় হামলা চালান। আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিলবোর্ড ভাঙার যে অভিযোগ দেওয়া হচ্ছে, তা একেবারেই মিথ্যা।’
এ ব্যাপারে জানতে চাইলে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে। আপাতত ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হলেও আসামি আরও বাড়তে পারে।