বেড়ার মেয়রসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক পাবনা কার্যালয়ের উপসহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে গত বৃহস্পতিবার বেড়া মডেল থানায় মামলা দুটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর হাবিবুর রহমান, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আবদুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আবদুস সামাদ মহলদার, শহিদ আলী ও নার্গিস আক্তার এবং পৌরসভার করমজা চতুর হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবী ও মাহবুব হোসেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, দুদকের সহকারী পরিচালক জালাল উদ্দিন মামলা দুটি দায়ের করেন। একটি মামলায় পৌর মেয়র ও হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবীসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। অপর মামলায় রফিকুন নবীকে বাদ দিয়ে অপর ইজারাদার মাহবুব হোসেনের নাম যুক্ত করা হয়েছে। একটি মামলায় অভিযুক্ত ব্যক্তিরা সরকারের ৭৬ লাখ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার টাকা ক্ষতি করেছেন বলে উল্লেখ করা হয়েছে। ওসি শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘আমরা মামলা দুটি নথিভুক্ত করেছি। দুদক কর্মকর্তারাই এর তদন্ত করবেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা নিয়মনীতি উপেক্ষা ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি হাটকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন হাট দেখিয়ে ১৩ বছর ধরে অবৈধভাবে ভোগ দখল করেছেন। বিধি মোতাবেক ইজারার টাকা সরকারি কোষাগারে জমা দেননি।
মামলার বাদী জালাল উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মেলায় মামলা দুটি দায়ের করা হয়েছে। এখন বিস্তারিত তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে জানতে মেয়র আবদুল বাতেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তার পরিবারের একটি সূত্র জানিয়েছে, তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
অভিযুক্ত আবদুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছোট ভাই। তিনি ১৯৯৯ সাল থেকে বেড়া পৌরসভায় মেয়রের দায়িত্ব পালন করছেন। করমজা হাটসহ পৌরসভার কিছু এলাকা নিয়ে সীমানা-সংক্রান্ত জটিলতায় আদালতের নির্দেশে পৌরসভাটিতে নির্বাচন হচ্ছে না।