বেড়ায় অপহরণের ঘটনায় তিন স্কুলছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় শিশু অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল শুক্রবার সকালে তিনজন স্কুলছাত্রকে আটক করেছে।
আটক শিক্ষার্থীরা হলো বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেন ও দশম শ্রেণির ছাত্র শহীদুল ইসলাম এবং আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র বিশু ওরফে বিশা। তাদের সবার বাড়ি বেড়া পৌর এলাকার সাণ্ড্যালপাড়ায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. মশিউর রহমান বলেন, মুঠোফোনের যে নম্বরটি ব্যবহার করে অপহরণকারীরা ফোন করেছিল তার সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে ওই তিনজনকে আটক করা হয়েছে। আটক করা ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উদ্ধারের পর ১২ দিন পার হলেও আরাফাত এখনো শঙ্কামুক্ত নয় বলে তার বাবা আবদুল মজিদ জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার খিঁচুনি ওঠায় সাধারণ বেড থেকে ডাক্তাররা আবারও আরাফাতকে আইসিইউতে নিয়ে গেছেন। জানি না আমার ছেলের কী হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত আমি তাদের কঠোর শাস্তি চাই।’
বেড়া থানা-পুলিশ ও অপহৃত শিশুর পরিবার সূত্র জানায়, সাণ্ড্যালপাড়ার আবদুল মাজেদের ছোট ছেলে আরাফাত (১১) গত ২১ আগস্ট বিকেলে অপহৃত হয়। পরদিন দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের একটি জঙ্গল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরাফাতের বাবা বাদী হয়ে ২৬ আগস্ট বেড়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।