বেড়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত
পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম গহের মণ্ডল (৩০)। তিনি ঢালারচর ইউনিয়নের খয়েরবাগান গ্রামের পাশান মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন ব্যাপারীর সমর্থনে মিছিল বের হয়। একই সময়ে আওয়ামী লীগ প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীর সমর্থনে আরেকটি মিছিল বের হয়। মিছিল দুটি মিরপুর গ্রামে মুখোমুখি হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এমনকি ব্যাপক গুলিবর্ষণের শব্দ শোনা যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই গহের মন্ডল নিহত হন।
গ্রামের কয়েকজন দাবি করেন, সংঘর্ষে আমির হামজা (২২), সাহেব আলী মৃধা (৭০), আলম মন্ডল (২৮), মালেক ব্যাপারী (৩৬), রশিদ ব্যাপারী (৪২), খলিল মন্ডল (৪০), সোহরাব প্রামাণিকসহ (২২) অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাবনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইমরান আলী বলেন, গুরুতর আহত অবস্থায় আটজনকে গতকাল রাতে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের প্রত্যেকের গায়ে ছররা গুলির ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁদের মধ্যে একজনকে আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদ্রোহী প্রার্থী নাছিরউদ্দিন বলেন, ‘আমার মিছিলে বিনা উসকানিতে কোরবানের লোকজন অতর্কিতে হামলা চালিয়ে বৃষ্টির মতো গুলি করেছে। অথচ আমাদের লোকজন পাল্টা হামলা বা কোনো কিছুই করেনি। নিহত ব্যক্তি আমার সমর্থক। এ ছাড়া যে ১১ জন আহত হয়েছে তারাও আমার কর্মী-সমর্থক।’
কোরবান আলীর মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। আজ রোববার ঢালারচরে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
জানা যায়, পদ্মা ও যমুনা নদীর দুর্গম চরাঞ্চল নিয়ে ঢালারচর ইউনিয়ন গঠিত। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কোরবান আলী ও নাছিরউদ্দিনের সমর্থকদের মধ্যে নির্বাচন শুরুর আগে থেকেই উত্তেজনা চলে আসছে। এরই জের ধরে ৩ ও ৪ মার্চ উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ওই সময় আহত হয়েছিলেন ২০ জন। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দিনকে দিন বেড়েই চলছিল।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম তাজুল হুদা জানান, গহের আলীর দেহে ধারালো অস্ত্রের আঘাত ও গুলি লাগা চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকির হোসাইন বলেন, ‘এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি ঢালারচরে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।’