বেড়ায় মুমূর্ষু অবস্থায় অপহৃত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় অপহৃত একটি শিশুকে গতকাল শনিবার মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে শিশুটিকে অপহরণ করার পর অপহরণকারীরা তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শিশুটির নাম আরাফাত হোসেন (৮)। সে বেড়া পৌর এলাকার সান্ড্যালপাড়া মহল্লার আবদুল মাজেদের ছোট ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

থানা-পুলিশ ও শিশুটির পরিবার সূত্র জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে আরাফাত বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরই মধ্যে বাড়ির লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করতে থাকে। সন্ধ্যা সাতটার পর তার বাড়ির মুঠোফোনে অপহরণকারীরা কয়েকবার ফোন করে অপহরণের কথা জানায় এবং ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় অপহরণকারীরা পুলিশকে বিষয়টি না জানানোর জন্য শিশুটির পরিবারের লোকজনকে কঠোরভাবে নিষেধ করে।

রাতেই শিশুটির বাবা বিষয়টি বেড়া থানার পুলিশকে জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ ও শিশুটির পরিবারের লোকজন রাতভর পৌর এলাকার বিভিন্ন এলাকায় তার খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।

 অবশেষে গতকাল দুপুর ১২টার দিকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের সীমানাপ্রাচীরের অভ্যন্তরে জঙ্গলাকীর্ণ স্থানে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন। লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অচেতন অবস্থায় তাকে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, ‘শিশুটির গলায় দড়ি জাতীয় কিছু দিয়ে চেপে ধরার চিহ্ন রয়েছে।’

 শিশুটির বাবা আবদুল মাজেদ বলেন, ‘সন্ধ্যা সাতটার কিছু পরে আমার বাড়ির মোবাইলে অপহরণকারীদের একজন তিনবার ফোন করে মুক্তিপণ বাবদ ১৫ লাখ টাকা চায়।’

বেড়া-সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাকির হোসাইন বলেন, ‘অপহরণকারীদের ফোনের সূত্র ধরে তাদের অবস্থান শনাক্ত করা হয়। কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে তারা মুঠোফোন বন্ধ করে রেখেছে। তবে রাতভর আমাদের কড়া নজরদারি ও টহলের কারণে অপহরণকারীরা সম্ভবত শিশুটিকে পৌর এলাকার বাইরে নিতে পারেনি। এর ফলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই স্থানে শিশুটিকে ফেলে রেখে যায়।’