বেড়িবাঁধের সিসি ব্লক পুকুরঘাটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার চুন্নাপাড়া এলাকার এই পুকুরঘাটটি সিসি ব্লক খুলে বানানো হয়েছে l ছবি: প্রথম আলো
আনোয়ারার চুন্নাপাড়া এলাকার এই পুকুরঘাটটি সিসি ব্লক খুলে বানানো হয়েছে l ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নের কয়েকটি গ্রামে বেড়িবাঁধে বসানো সিসি ব্লক খুলে নিয়ে বানানো হয়েছে পুকুরঘাট। সিসি ব্লক ব্যবহার করে বানানো হয়েছে বাড়ির রাস্তাও।
সরেজমিনে দেখা যায়, রায়পুর ইউনিয়নের বার আউলিয়া, ছিপাতলী ঘাট, ফকিরহাট, পরুয়াপাড়া, দক্ষিণ সরেঙ্গা ও চুন্নাপাড়াসহ কয়েকটি গ্রামে সিসি ব্লক দিয়ে পুকুরের ঘাট তৈরি করা হয়েছে। কয়েকটি স্থানে সিসি ব্লক জমিয়ে রাখতেও দেখা যায়। স্থানীয় সূত্র জানায়, বিক্রির উদ্দেশ্যে এসব সিসি ব্লক রাখা হয়েছে।
বার আউলিয়া এলাকার বাসিন্দা আবদুর রহমান বাঁধের সিসি ব্লক পুকুরে লাগানোর কথা স্বীকার করেছেন।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাবের ইবনে মাহবুব প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারম্যান হওয়ার আগেই সিসি ব্লক দিয়ে পুকুরের ঘাট তৈরি করা হয়েছে।’
পাউবোর উপসহকারী প্রকৌশলী কাইছার উদ্দিন জানান, আনোয়ারা উপকূলজুড়ে বেড়িবাঁধের সিসি ব্লক লুট চলছে। এখানকার প্রায় সব পুকুরেই এসব ব্লক দিয়ে ঘাট তৈরি করা হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার তাঁরা জন্য ইউএনওর বরাবরে আবেদন করেছেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ সম্পর্কিত অভিযোগ তিনি এখনো পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।