পল্লী বিদ্যুৎ সমিতির ‘এলাকা পরিচালক’ পদটির জন্য কোনো বেতন, এমনকি কোনো সম্মানীও নেই। শুধু মাসিক ও বার্ষিক বোর্ড সভায় উপস্থিত থাকলে যাতায়াত ভাতা বাবদ পাওয়া যায় ১ হাজার ৫০০ টাকা। সেখান থেকে আবার বিভিন্ন খাতে ৯ শতাংশ টাকা কেটে নেওয়া হয়। অথচ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী লাখ টাকা খরচ করেছেন বলে জানা গেছে।
গতকাল সোমবার চুয়াডাঙ্গায় সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৮ নম্বর এলাকা পরিচালক পদে ভোট গ্রহণ চলে। এতে আকরামুল হক বিশ্বাস বাল্ব প্রতীক নিয়ে এবং আবদুস সালাম ছাতা প্রতীকে নির্বাচন করেন।
ভোটের সময় ভোটারদের গাড়িভাড়া, খাবারের আয়োজনসহ বিভিন্ন খাতে প্রার্থীরা খরচ করেন। এর আগে এক মাস ধরে পোস্টারিং, মাইকিং, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগেও টাকা খরচ করেন তাঁরা। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ২২১ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৯৩৬ জন ভোট দেন। নির্বাচনে স্থানীয় বেসরকারি সংস্থা আত্মবিশ্বাসের নির্বাহী পরিচালক আকরামুল হক বিশ্বাস ৩ হাজার ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে ছাতা প্রতীকের আবদুস সালাম পান ৪৩৩ ভোট।
গতকাল দুপুর ১২টায় সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার হাতিকাটা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে থেকে আলোকদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কে ভয়াবহ যানজট। ভোটারদের বহনকারী কয়েক শ আলমসাধু রাস্তায় দাঁড়িয়ে। আর একটু সামনে এগিয়েই দেখা গেল বেসরকারি একটি গুদামে মানুষের ভিড়। এঁদের কেউ খাবার খেয়ে বা প্যাকেট নিয়ে বের হচ্ছেন। আবার অনেকে গাড়িভাড়ার টাকা আদায় করছেন।
ভোটকেন্দ্রের প্রবেশমুখে কথা হয় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুস সালামের সঙ্গে। তিনি অভিযোগ করেন, আকরামুল হক নিজের পক্ষে ফল নিতে কোনো নিয়মই মানেননি। ভোটারদের প্রভাবিত করতে খাবারের আয়োজন ও যাতায়াতের ভাড়া দিয়েছেন। নির্বাচনের জন্য তিনি (সালাম) এক লাখ টাকা খরচ করেছেন।
আকরামুল হক বিশ্বাস বলেন, ৫০ থেকে ৬০ কিলোমিটার দূর থেকে ভোটাররা ভোট দিতে আসছেন। মানবিক কারণেই তাঁদের দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। নির্বাচনের আগে প্রচারণার জন্য তিনি তেমন কোনো খরচই করেননি বলে দাবি করেন। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কেউ আচরণবিধি লঙ্ঘন করেননি।